প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক: রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে এবং অবশিষ্ট মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
এদিন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপিত হয়। আইনমন্ত্রী জানান, মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্তের দলীয় পরিচয় না থাকায় সারাদেশে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ঠিক কতগুলো মামলা হয়েছে, তার নিখুঁত পরিসংখ্যান সরকারের কাছে নেই। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্যমতে, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, বিগত ফ্যাসিস্ট আমলে জামায়াত নেতা-কর্মীদের নামে কতটি মামলা হয়েছে, সে সংক্রান্ত পরিসংখ্যানও সরকারের কাছে সংরক্ষিত নেই।
আইনমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২০২৬ সালের ৫ মার্চ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করে। আবেদনের প্রেক্ষিতে কমিটি যদি মনে করে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে এবং জনস্বার্থে এটি চালানোর প্রয়োজন নেই, তবে তারা সরকারের কাছে প্রত্যাহারের সুপারিশ করে।
তিনি জানান, জেলা কমিটির সুপারিশ পরীক্ষা-নিরীক্ষার জন্য এ বছরের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি ‘কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমেই এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
আই.এ/সকালবেলা
স্বত্ব © সকালবেলা